অতি ধনীদের করহার ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

অনলাইন ডেস্ক: দেশের অতি ধনীদের ওপর আয়করের হার বাড়ানোর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যক্তিশ্রেণির সর্বোচ্চ করহার বর্তমান ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে, যা ২০২৭-২৮ অর্থবছর থেকে কার্যকর হতে পারে।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী অর্থবছরের পরের বছর থেকে এই করহার কার্যকর করার পরিকল্পনা রয়েছে এবং এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে।

কারা এই বাড়তি করের আওতায় আসবেন, সে বিষয়ে তিনি জানান, বছরে ১ কোটি থেকে ৫ কোটি টাকা বা তার বেশি আয় করা ‘সুপার রিচ’ শ্রেণির করদাতাদের একটি নির্দিষ্ট অংশকে এই নতুন করহারের আওতায় আনা হতে পারে।

এদিকে আয়কর বৃদ্ধির পাশাপাশি আগামী বাজেটে তামাকজাত পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনার কথাও জানান এনবিআর চেয়ারম্যান।

সভায় ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনের নেতৃবৃন্দ এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button