মীর মুগ্ধের অসুস্থ বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক: জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমানের সফল হৃদযন্ত্রের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।

এদিকে মীর মুস্তাফিজুর রহমানের অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং পাশে থাকার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে তার অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুনসহ একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে মীর মুস্তাফিজুর রহমানের চিকিৎসা সেবার সার্বিক তদারকি করেন। এ সময় প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মীর মুস্তাফিজুর রহমানকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

চিকিৎসাধীন অবস্থায় মীর মুস্তাফিজুর রহমানের পাশে এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক এটিএম নুরুন্নবী শাহ, সহকারী পরিচালক ডা. মেজবাহ উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সরোয়ার হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাদেকুল ইসলাম, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আজহারুল ইসলাম হামীম, মো. আমান উল্লাহ ও অপু দেবনাথসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুরু থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শহীদ মীর মুগ্ধের পিতার চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি ধাপে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।

Related Articles

Back to top button