৯৬৩টি সিম ও ট্রেনের টিকিটসহ কালোবাজারি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব

অনলাইন ডেস্ক: জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন ও ৯৬৩টি বিপুল পরিমাণ সিমসহ রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ৭টি ট্রেনের ১২টি আসনের টিকিট উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার (১৫ মে) বিকেল পৌনে ৪টায় জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মো. মিনাতুর রহমান মিনাত (২৫) ও মো. শাকিব (২৪)।র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ ও শক্তিশালী চক্রের সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তারকৃত মিনাত ও শাকিব দীর্ঘদিন ধরে সাধারণ রেলযাত্রীদের পরিচয় ও একাধিক সিম কার্ড ব্যবহার করে অভিনব উপায়ে কাউন্টার ও অনলাইন থেকে টিকিট সংগ্রহ করতেন। পরবর্তীতে সেই টিকিটগুলো তাঁরা অবৈধভাবে সাধারণ মানুষের কাছে দ্বিগুণ-তিনগুণ বাড়তি দামে বিক্রি করে আসছিলেন। অভিযানে উদ্ধার হওয়া টিকিটগুলোর মোট সরকারি মূল্য ৫ হাজার ৮৮০ টাকা হলেও কালোবাজারিরা তা আরও অনেক বেশি মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিলেন।
র্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঈদসহ বিভিন্ন উৎসব ও ছুটির দিনকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের ট্রেনের টিকিটের চরম সংকট তৈরি হতো। এই সুযোগ ও সাধারণ মানুষের ভোগান্তিকে পুঁজি করে এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত ছিল। তারা অ্যাপস ও অনলাইনের মাধ্যমে টিকিট ব্লক করে অতিরিক্ত মূল্যে বিক্রি করার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে বড় ধরনের প্রতারণা করে আসছিল। ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি সম্পূর্ণ নির্মূল করতে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং এই ধরনের ঝটিকা বিশেষ অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।



