বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি

অনলাইন ডেস্ক: শেষ বিপিএলের বকেয়া পারিশ্রমিক এখনও পাননি ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে অনেক খেলোয়াড়ই অভিযোগ করেছেন। এবার এ নিয়ে কথা বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান, ঢাকার বকেয়া এখনো তিন কোটি টাকার বেশি রয়েছে।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের ২৫ শতাংশ টাকা ম্যাচ শুরুর আগে, ৫০ শতাংশ টুর্নামেন্ট চলাকালে এবং বাকি ২৫ শতাংশ ৪৫ দিনের মধ্যে পরিশোধ করার কথা ছিল। অন্যান্য সব দল তাদের অংশ পরিশোধ করেছে, কিন্তু ঢাকা ক্যাপিটালস এখনো দেয়নি। 

তিনি আরও জানান, খেলোয়াড়রা অভিযোগ করছে এবং আমি ম্যানেজমেন্টকে বার্তা দিয়েছি, যদি তারা খেলোয়াড়দের সামনে আসে, তবে আমরা আলোচনা করে সমস্যা সমাধান করতে পারব।

মিঠু আরও জানান, ‘ফেব্রুয়ারির ২৭ তারিখে আমরা ঢাকার ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছিলাম এবং ১৫ দিনের মধ্যে খেলোয়াড়দের পাওনা পরিশোধের অনুরোধ করেছিলাম। অন্য দলগুলো তাদের পাওনা পরিশোধ করেছে এবং আমরা সেই টাকা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি, কিন্তু ঢাকা এখনো কোনো ব্যবস্থা নেয়নি।’

মিঠু বলেন, ‘এখন ৬০ দিন হয়ে গেছে এবং আমরা আর অপেক্ষা করতে পারব না। এই সপ্তাহের মধ্যে আমরা পদক্ষেপ নেব।’

তিনি জানান, ‘ঢাকা ক্যাপিটালসের কাছে ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ও চেক রয়েছে। যদি তারা টাকা না দেয়, তবে আমরা অন্য পথ অবলম্বন করব। তবে খেলোয়াড়দের টাকা নিরাপদ থাকবে। ব্যাংক গ্যারান্টির সময়সীমা ১৫ মে পর্যন্ত এবং আরও কিছু সময় রয়েছে।’

মিঠু আরও জানান, ‘খেলোয়াড়রা আগে জানায়নি যে তাদের ৭৫ শতাংশ বকেয়া রয়েছে, ফাইনাল শেষে আমরা জানতে পারি। তবে ঢাকার ম্যানেজমেন্ট কিছু খেলোয়াড়দের ৫০-৬০ লাখ টাকা পরিশোধ করেছে, যা যথেষ্ট নয়। এখন গভর্নিং কাউন্সিল সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেবে।’

Related Articles

Back to top button