কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয়

অনলাইন ডেস্ক: আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নেতৃত্ব দিলেন বিরাট কোহলি। তার ঝোড়ো ইনিংসে আইপিএলের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক ম্যাচেই দারুণ বোলিং করেন জ্যাকব ডাফি, ২২ রানে তুলে নেন ৩টি উইকেট। দ্রুত ফেরান অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড ও নিতিশ কুমার রেড্ডিকে।
এরপর তিন নম্বরে নেমে ঝড় তোলেন ইশান কিষান। নেতৃত্বের অভিষেক ম্যাচে তিনি ৩৮ বলে ৮০ রানের ইনিংস খেলেন। যেখানে ছিল ৫টি ছক্কা ও ৮টি চারের মার। মিডল অর্ডারে হাইনরিখ ক্লাসেন ৩১ এবং শেষদিকে অনিকেত ভার্মা ১৮ বলে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলেন।
তবে এই তিনজন ছাড়া হায়দরাবাদের আর কেউ দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি।
২০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিল সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। পরে দেবদত্ত পাডিক্কাল ও কোহলির জুটিতে ম্যাচে ফিরে আসে দল। পাডিক্কাল ২৬ বলে ৬১ রান করেন। এরপর রজত পাতিদার দ্রুত ৩১ রান করে ফিরলেও কোহলি ছিলেন অপ্রতিরোধ্য। শেষদিকে টিম ডেভিডকে সঙ্গে নিয়ে সহজেই জয় নিশ্চিত করেন তিনি।
মাত্র ২৬ বল হাতে ও ৬ উইকেট রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে বেঙ্গালুরু। কোহলি অপরাজিত ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৫টি চার।




