শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়, আড়ংকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক: কেনাকাটার পর কাগজের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

গতকাল রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ নোটিশ পাঠান। এর আগে একই কারণ দেখিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা আড়ংকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।

রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মহাপরিচালক ও আড়ং ব্যবস্থাপনা পরিচালককে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করতে বাধ্য হবেন বলে উল্লেখ করা হয়।

নোটিশে আইনজীবী অভি বলেন, ‘২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং, যা বাংলাদেশ আইনের পরিপন্থী। দেশের কোনো ব্যবসাপ্রতিষ্ঠানই এ ধরনের কার্যক্রম করছে না। কিন্তু গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শো-রুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাই হাতে করে কাপড় বহন করছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।’

‘আড়ং–এর এ কাজটি ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একইসঙ্গে লঙ্ঘন করছে ব্যবসায়িক নৈতিকতার মান। তাদের দেখাদেখি বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ড প্রতিষ্ঠানও ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের অতিরিক্ত অর্থ আদায়ের জন্য উৎসাহিত হতে পারে। তাই অবিলম্বে আড়ংকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধের ব্যবস্থা নিতে হবে।’

ভোক্তা অধিকার অধিদপ্তরকেও নির্দেশ দেওয়া হোক যেন বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারে। এছাড়া ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ প্রদান নিশ্চিত করতে আইনি নোটিশে বলা হয়।

Related Articles

Back to top button