সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে রোডম্যাপ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়ে সরকার একটি রোডম্যাপ তৈরির কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তথ্যের মৌলিক অধিকার নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
গতকাল রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)–এর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে তথ্য মন্ত্রণালয়কে আধুনিক ও কার্যকর করতে পুনর্গঠনের কাজ চলছে। মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের কাঠামো ও কার্যক্রম নতুনভাবে সাজানো হবে।
তিনি আরও জানান, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের চিন্তাভাবনা রয়েছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতাও কামনা করেন তিনি।
তথ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, মানুষের তথ্যের চাহিদা বিবেচনায় রেখে তথ্যসেবা আরও নিরপেক্ষ ও কার্যকর করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।



