প্রায় দুই হাজার কোটি রুপির সম্পদ রয়েছে ‘পারফেকশনিস্ট’ আমির খানের

অনলাইন ডেস্ক: ৬১ বছরে পা রেখেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়ে তিনি ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী তারকা হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও বলিউডের শীর্ষ ধনী তারকাদের একজন তিনি।
ভারতীয় গণমাধ্যম বলছে, আমির খান প্রায় দুই হাজার কোটি রুপির সম্পদের মালিক, থাকেন মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী বিলাসবহুল বাড়িতে, যার দাম প্রায় ৬০ কোটি রুপি। প্রায় পাঁচ হাজার বর্গফুট আয়তনের এই দুইতলা বাড়ির একটি অংশে তার ব্যক্তিগত অফিসও রয়েছে।

এছাড়া মহারাষ্ট্রের পঞ্চগনি এলাকায় তার একটি বাগানবাড়ি রয়েছে। প্রায় দুই একর জমির ওপর নির্মিত এই বাড়িটি তিনি প্রায় সাত কোটি রুপিতে কিনেছিলেন। ব্যস্ত শহুরে জীবন থেকে সময় পেলেই সেখানে অবসর কাটাতে পছন্দ করেন এই অভিনেতা।
শুধু ভারতেই নয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এলাকাতেও রয়েছে আমির খানের একটি বিলাসবহুল বাড়ি। বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৭৫ কোটি রুপি।
সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় নির্দিষ্ট পারিশ্রমিক না নিয়ে লাভের অংশ নেন আমির খান। সে হিসেবে একটি সিনেমা থেকে তার আয় প্রায় ৮০ কোটি রুপি পর্যন্ত হতে পারে বলে জানা যায়। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তিনি মোটা অংকের পারিশ্রমিক পান, যা প্রতি চুক্তিতে প্রায় ১২ কোটি রুপির কাছাকাছি।
বিলাসবহুল গাড়ির প্রতিও রয়েছে তার ঝোঁক। তার সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ ও রোলস রয়েসের মতো দামি গাড়ি।
সব মিলিয়ে অভিনয়, প্রযোজনা ও ব্যবসায়িক উদ্যোগ-সব দিক মিলিয়ে বলিউডের অন্যতম ধনী ও প্রভাবশালী তারকা হিসেবেই নিজের অবস্থান ধরে রেখেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান।




