টানা ১১ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি

অনলাইন ডেস্ক: পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে টানা ১১ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন।

জানা গেছে, আগামী মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র শবে কদর এবং শনিবার (২১ মার্চ) সম্ভাব্য ঈদুল ফিতর উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১১ দিন বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময়ে বুড়িমারী স্থলবন্দরের পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকবে। বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, শবে কদর, ঈদুল ফিতর এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনার ভিত্তিতে ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানিসহ সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, থানার ওসি, উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, সোনালী ব্যাংকের স্থানীয় শাখা, পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষ, ভুটানের সংশ্লিষ্ট শুল্ক কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সাপেক্ষে ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে যথারীতি আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম পুনরায় চালু হবে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়ে চিঠি পাওয়া গেছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ঈদকে কেন্দ্র করে ১১ দিন ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে। ব্যবসায়ীরা কাজ না করলে বন্দরের কার্যক্রমও স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে পড়ে।

এদিকে বাংলাদেশ কাস্টমস-এর অধীন বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মহাম্মদ মহি উদ্দিন জানান, শবে কদর, ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন লিখিতভাবে জানিয়েছে। তবে এ সময় আন্তর্জাতিক এই ইমিগ্রেশন পথ দিয়ে যাত্রী পারাপার এবং কাস্টমসের অভ্যন্তরীণ দাপ্তরিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

Related Articles

Back to top button