আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জাতীয় নির্বাচনে জনগণের ভোট সঠিকভাবে রক্ষা করা সম্ভব হয়নি। এ দায় যেমন অন্যদের, তেমনি নিজেদেরও দায় এড়ানো যায় না।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার হিমালয় পার্কে এনসিপি পঞ্চগড় জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমাদের ভোট কেড়ে নেওয়া হয়েছে। এই দায় যেমন আমরা তাদের দেব, একইভাবে এই দায়ও আমরা এড়াতে পারি না যে আমরা আমাদের ভোটটা ওই গণনার সময় রক্ষা করতে পারি নাই।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো কেন্দ্রে যদি আমাদের ১০ জন ভোটার থাকে, সেই ১০টি ভোটও আমাদের রক্ষা করতে হবে। আবার কোনো কেন্দ্রে ১০০ জনের মধ্যে ৯০টি ভোট যদি আমাদের হয়, সেই ৯০টি ভোটও নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ভোট গণনার সময় প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই স্থানীয় নির্বাচনে যেন সেই সুযোগ আর কেউ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সারজিস আলম বলেন, ‘আমরা ১১ দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে বিরোধী দল হিসেবে সংসদে রয়েছি। স্থানীয় নির্বাচন একসঙ্গে হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে যেভাবেই নির্বাচন হোক, জনগণের দেওয়া ভোটের আমানত আমাদের রক্ষা করতে হবে।’
তিনি বলেন, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব রাজপথ থেকেই দিতে হবে। ‘আমরা যদি সেই নেতৃত্ব দিতে পারি, তাহলে খুব দ্রুতই আগামীর বাংলাদেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে, ইনশা আল্লাহ।’
ভয় ও সাহস প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘ভয় ছোঁয়াচে। কেউ ভয় পেয়ে পিছিয়ে পড়লে অন্যরা তার সুযোগ নেয়। কিন্তু সাহস তার চেয়েও বেশি ছোঁয়াচে। একজন মানুষ যখন জীবন দিতে প্রস্তুত হয়, তখন অন্যরাও সাহস পায়। আমরা জুলাই অভ্যুত্থানে তার উদাহরণ দেখেছি।’
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘আপনাদের মধ্য থেকেই কেউ মেম্বার হবেন, কেউ চেয়ারম্যান হবেন, কেউ উপজেলা চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের চেয়ারম্যান হবেন। তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।’




