মহেশপুর সীমান্তে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় নাগরিকসহ মোট ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) উপজেলার শ্রীনাথপুর হালদারপাড়া এলাকা থেকে ৭ ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটকরা হলেন— ভারতের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার টিলঢাংগা গ্রামের মো. শাহাজাহান (৩৫), তার স্ত্রী মোছা. তৈয়বা বেগম (৩০) এবং তাদের পাঁচ সন্তান মো. ইমরান (১২), মো. ইফরান (১০), মো. আয়ান (৮), মো. জিদান (৬) ও মোছা. সায়দা খানম।

এছাড়া মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির টহলদল খুলনার দাকোপ উপজেলার আধাঁরমানিক গ্রামের সিরাজুল গাজী ও হুমায়ন কবীরসহ আরও দুই নারীকে আটক করে।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটক শাহাজাহান জানান, তিনি তিন বছর বয়সে ভারতে যান এবং সেখানে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছেন। তার স্ত্রী তৈয়বা বেগম ভারতীয় নাগরিক। তারা সপরিবারে প্রায় দুই মাস আগে রাজশাহী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে গাইবান্ধা সদর উপজেলার ভগবানপুর গ্রামে বসবাস করে একটি ময়দার মিলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, সীমান্তে মাদকবিরোধী অভিযানে কানাইডাঙ্গা এলাকা থেকে ৮৬ বোতল ভারতীয় মদ, গোপালপুর এলাকা থেকে ৪৭২ পিস ভায়াগ্রা, ৩০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ এবং বেনীপুর বিওপির অধীন নবদুঘাপুর এলাকা থেকে ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। রমজান মাসকে সামনে রেখে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ পারাপার রোধে নজরদারি জোরদার করা হয়েছে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক ৭ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আটক ৪ বাংলাদেশির মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ককে আদালতে সোপর্দ করা হবে এবং আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে।

Related Articles

Back to top button