ভোলায় ৭১ টন সরকারি সার জব্দ, ট্রাকচালক আটক

অনলাইন ডেস্ক: রাতের আঁধারে ভোলা থেকে অবৈধভাবে পাচারের সময় ফেরি থেকে এক হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ চারটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আরমান নামে এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত মধ্যরাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে লক্ষ্মীপুরগামী আলাদা দুটি ফেরি থেকে সারবোঝাই এসব ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, সারসহ জব্দ হওয়া ট্রাকগুলোর নম্বর হলো— যশোর ট-১১-১৪৩৩, চট্টগ্রাম মেট্রো ট-১১-০৬৮৪, খুলনা মেট্রো ট-১১-০৭৮৩ ও ঢাকা মেট্রো ট-১৪-৭৩০৫।

পুলিশ ও সার গুদাম কর্তৃপক্ষ জানায়, ভোলার সার গুদাম থেকে বরিশাল বিভাগের সব জেলায় সরকারিভাবে সার বিতরণ করা হয়। জব্দ হওয়া সারগুলো বরিশাল ও বরগুনায় যাওয়ার কথা থাকলেও তা লক্ষ্মীপুরের দিকে নেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরগামী ‘সুফিয়া কামাল’ নামের ফেরি থেকে তিনটি এবং ‘কুসুমকলি’ ফেরি থেকে একটি—মোট চারটি সারবোঝাই ট্রাক জব্দ করা হয়। তবে তিনটি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, সারগুলো ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল ও বরগুনায় পাঠানোর জন্য ট্রাকে লোড করা হয়েছিল। তবে গুদাম থেকে ট্রাক বের হওয়ার পর তা কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তারা অবগত নন বলে দাবি করেন ভোলা সার গুদামের ইনচার্জ মাসুদ পারভেজ। তিনি বলেন, সারগুলো গুদাম থেকে ট্রাকে লোড হওয়ার কাগজপত্র তাদের কাছে রয়েছে। তবে সেগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা তারা জানেন না।

এদিকে ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বশির আলম বলেন, অসাধু ব্যক্তিরা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে ভোলা থেকে সার অন্যত্র পাচার করছিল বলে ধারণা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে দুটি ফেরিতে থাকা মোট চারটি ট্রাক থেকে ৭১ টন টিএসপি সার জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। আরমান নামে একজন ট্রাকচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button