মিথ্যা বলা মহাপাপ, অপবাদ দিয়ে বদনামী করা আরও বড় পাপ: মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক: ‘মুরুব্বিরা শিক্ষা দেয়, মিথ্যা বলা মহাপাপ। সুতরাং মিথ্যা বলো না। একটি লোকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা এটি আরও বড় পাপ। এই পাপ থেকে দয়া করে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।’ নির্বাচনি প্রতিদ্বন্দ্বী ও এনসিপি নেতাদের উদ্দেশ্য করে এ কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস।

গতকাল শুক্রবার (৬ মার্চ) বিকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে রমনা থানা বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা আব্বাস বলেন, “আমার এলাকায় হারার ইতিহাস নেই। এখানে আমার বন্ধু, আত্মীয়-স্বজন রয়েছে। সুতরাং আমার ভোটের অভাব নেই। আপনারা এত ভোট কিভাবে পেয়েছেন, সেটি আজ জাতির সামনে আমার প্রশ্ন। আমি প্রমাণ করতে পারব যে কারচুপি হয়েছে।”

তিনি নির্বাচনী ফলাফল নিয়ে আরও বলেন, “আমাদের রাতের বেলায় কয়েকটি স্কুলে ভোট কেন্দ্র পাহারা দিতে হয়েছে। না হলে সব কেন্দ্র সিল মেরে নিয়ে যেত। অদ্ভুত কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এখন আবার দোষ চাপানো হচ্ছে বিএনপির ওপর।”

এর আগে এই অনুষ্ঠানটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে রমনা থানা বিএনপি আয়োজন করে। অনুষ্ঠানে মহানগর ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা আব্বাস বলেন, “আমার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে ওরা এত ভোট পেতে পারত না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডে আপনার কোনো আত্মীয় আছে, যা বলে আপনি ভোট পেয়েছেন, তা প্রকাশ করতে পারবেন না। আমি নাম ধরে বলতে পারব কারা কারা আমাকে ভোট দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমার কথা হলো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করে আপনারা এত ভোট কিভাবে পেয়েছেন, সেটি জাতির সামনে প্রমাণ করা আমার দায়িত্ব। আমি এটি প্রমাণ করতে পারব।”

Related Articles

Back to top button