মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের অতর্কিত হামলা

অনলাইন ডেস্ক: ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ ষষ্ঠ দিনে গড়েছে। দেশ দুইটির অতর্কিত হামলার জেরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুড়ছে তেহরান। তাদের এসব হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেকটা হিমশিম খাচ্ছে।
বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ছড়িয়ে পড়েছে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের ব্যাপকতা।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩ মার্চ পর্যন্ত এক হাজার জনেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে ইরানি হামলার পর জ্বালানি ডিপোর কাছে আগুন ধরেছে। পরবর্তী সময়ে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।
এদিকে বৃহস্পতিবার তিনটি ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পোস্টে জানিয়েছে, তিনটি ক্রজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর আল খার্জ শহরের বাইরে সেগুলো ধ্বংস করা হয়েছে।
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটি জানিয়েছে, হামলার পর প্রথম দুই দিনেই প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়ে চলে গেছে। লেবাননে বলা হয়েছে, সেখানে ৫৮ হাজার মানুষ অন্যের বাড়ি, রাস্তা বা খোলা ময়দানের মতো জায়গায় আশ্রয় নিয়েছে।
সিরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ২ মার্চ প্রায় ১০ হাজার সিরীয় এবং প্রায় এক হাজার লেবানিজ দেশটিতে প্রবেশ করেছে।




