হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন— কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতি।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

অব্যাহতি পাওয়া মো. মাহদীজ্জামান জ্যোতি ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যোতির মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে সংগঠনটির ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। দলীয় সূত্র জানায়, মূলত এই বিতর্কের জেরেই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, শেখ তানভীর বারী হামিমের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একই ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Related Articles

Back to top button