আধিপত্য নিয়ে শৈলকূপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় তিনটি বাড়িঘর ভাঙচুর করা হয়। বুধবার (৪ মার্চ) রাতে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বুধবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হন এবং তিনটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




