শিষ্যদের পারফরম্যান্সে মুগ্ধ বাটলার, মিলিকে পোস্টে দেখে বিস্মিত চীনের কোচ

অনলাইন ডেস্ক: এশিয়ান কাপের অভিষেক হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলার মেয়েরা। হারলেও পুরো ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। পরাশক্তি চীনের বিপক্ষে শিষ্যদের লড়াকু পারফরম্যান্সে মুগ্ধ কোচ পিটার বাটলার।
অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করতে পারায় খুশি চীনের কোচ আন্তে মিলিচিচ। গোলের ব্যবধান বাড়াতে না পারায় কিছুটা অতৃপ্তি থাকলেও বাংলাদেশ দলের প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে রূপনা চাকমার জায়গায় গোলপোস্টে মিলি আক্তারকে দেখে বেশ অবাক হয়েছে চীনের কোচ। মিলির প্রশংসা করে তিনি বলেন, ‘গোলকিপার মিলিকে একাদশে দেখে অবাক হয়েছি। তবে সে-ও খুব ভালো খেলেছে।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আন্তে মিলিচিচ বলেন, ‘বাংলাদেশের ওপর চাপ ছিল না, তারা মুক্তভাবে খেলেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমরা ২ গোল করেছি, কোনো গোল খাইনি; এতেই আমরা সন্তুষ্ট। প্রথম ম্যাচে এমন হতেই পারে।’
অন্যদিকে শিষ্যদের পারফরম্যান্সে খুশি পিটার বাটলার। তিনি বলেন, ‘চীন এশিয়ার অন্যতম সেরা দল, সম্ভবত সেরাদের মধ্যে সেরা এবং বর্তমান চ্যাম্পিয়ন। তারা জিতেছে, আমি তাদের অভিনন্দন জানাই। ম্যাচের আগে আমি মেয়েদের বলেছিলাম তারা যেন তাদের সেরাটা দেয় এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়।’
খেলার ধরন নিয়ে বাংলাদেশের কোচ বলেন, ‘আমরা এখানে শুধু রক্ষণ সামলাতে আসিনি। আমি সেভাবে কোচিং করাই না এবং আমার দলও সেভাবে খেলুক, তা চাইনি। মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির মান রেখেছে। এর মাধ্যমেই বোঝা যায় আমরা কতটা এগিয়েছি।’
রূপনা চাকমার জায়গায় একাদশে মিলিকে খেলানো প্রসঙ্গে বাটলার বলেন, ‘মিলি আজ অসাধারণ ছিল। আমি পরিবর্তন আনতে চেয়েছিলাম এবং এ ধরনের সিদ্ধান্ত নিতে আমি ভয় পাই না। আমি খুশি যে আমরা অসম্মানিত হইনি।’

তিনি বলেন, ‘এই মেয়েদের কোচ হতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। এই টুর্নামেন্ট মেয়েদের জন্য নিজেদের মেলে ধরার সুযোগ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে তাদের উন্নত জীবন দিতে সাহায্য করবে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমরা এখানে এসেছি। আমাদের আবার উঠে দাঁড়াতে হবে এবং এগিয়ে যেতে হবে।’




