বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক: ইরানে নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সে দেশের সরকার। গতকাল সোমবার (২ মার্চ) রাতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে এই তথ্য নিশ্চিত করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি।

টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি জানান, বাহরাইন সরকার সেখানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদ্ভূত পরিস্থিতিতে বাহরাইন সরকারের এই আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, এর আগে সোমবার বিকালেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলাপ হয়েছিল।

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে বাহরাইন সরকারের পক্ষ থেকে দেওয়া এই আশ্বাসকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button