রাজশাহীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল খাদ্য গুদামের মালামাল

অনলাইন ডেস্ক: রাজশাহীর কাটাখালী এলাকায় একটি খাদ্য গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটকে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালাতে হয়।
গতকাল রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অবস্থিত বিডি ফুড ও আকিজ ফুড–এর ডিপোর একটি গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ডিপোর মালিক পলাশ জানান, রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
স্থানীয়দের ভাষ্য, আগুন লাগার পর গুদাম থেকে ঘন ধোঁয়া ও লেলিহান শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশের স্থাপনাগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সে জন্য সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে প্রকৃত কারণ ও চূড়ান্ত ক্ষয়ক্ষতির হিসাব জানানো হবে।
ডিপোর মালিকের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি। গুদামে বিপুল পরিমাণ প্যাকেটজাত খাদ্যপণ্য মজুত ছিল, যার বেশিরভাগই আগুনে পুড়ে গেছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।




