বন্ধুদের সঙ্গে সমুদ্র দেখা হলো না রাব্বির

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বি (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের আঁধার মানিক দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ রাব্বির বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায়। তিনি ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে। এছাড়া তিনি আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, মঙ্গলবার রাতে খোরশেদ রাব্বিসহ চার বন্ধু একটি মাইক্রোবাসে করে কক্সবাজার সমুদ্রসৈকতের উদ্দেশ্যে রওনা দেন। বুধবার ভোরের দিকে তারা সাতকানিয়ার আঁধার মানিক দরগাহ এলাকায় মহাসড়কের পাশে গাড়ি থামান। এ সময় রাব্বি সামনের সিট থেকে পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, নিহত যুবককে চাপা দিয়ে অজ্ঞাত ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




