আমি হালকা পাগলা আছি, ভুল আবারও হইতে পারে: গায়ক নোবেল

অনলাইন ডেস্ক: বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে আপত্তিকর ছবি তৈরির চেষ্টা ও ১৩ লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার হওয়ার পরদিনই জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন। এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
আদালত থেকে জামিনে মুক্ত হয়ে নিজের ভুল স্বীকার করলেও নোবেল বেপরোয়া মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন। তিনি বলেন, ‘আমার দর্শক-শ্রোতারা আমাকে ভালো করে বোঝে, আমি হালকা পাগলা পাগলা আছি। তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে।’
মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলামের তথ্যমতে, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে তুলে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন নোবেল।
এই ঘটনায় গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন।
গত ২ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এই মামলায় নোবেলের পাশাপাশি তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানাকেও আসামি করা হয়েছে।



