নবম পে স্কেল কখন বাস্তবায়ন হবে, জানালেন অর্থ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক: সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়ন করা হবে, তবে এতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ কয়েকজন নেতা।
বৈঠক শেষে এম এ হান্নান বলেন, প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে-স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।’ তবে এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।
বৈঠক সূত্রে জানা যায়, পে-স্কেলের দাবিতে অতীতে চলা আন্দোলনে প্রতিমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গও আলোচনায় ওঠে। জবাবে তিনি বর্তমান সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি জানান, সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি।
প্রসঙ্গত, নবম পে-স্কেল প্রণয়নের লক্ষ্যে গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি পে-কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২১ জানুয়ারি সুপারিশ জমা দেয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে দ্রুত সুপারিশ বাস্তবায়ন ও নতুন পে-স্কেল ঘোষণার দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা।




