গ্যাস লিকেজ ও সিলিন্ডার বিস্ফোরণ ঠেকাতে একসঙ্গে কাজ করবে তিন মন্ত্রণালয়: ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক: গ্যাস লিকেজ কিংবা মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোকে কীভাবে একটা নিয়মের মধ্যে আনা যায়, সেগুলো নিয়ে শিল্প, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় একস মিলে কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের হালিশহরে ও কুমিল্লার দাউদকান্দিতে অগ্নিকাণ্ডের ঘটনায়, দগ্ধদের দেখতে এসে তিনি এই আশ্বাস দেন।
দিন দিন গ্যাস লিকেজ থেকে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই বাড়ছে জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করা হবে যাতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয়। সেই সাথে, মন্ত্রণালয় থেকে যতটুকু সাপোর্টের প্রয়োজন, আমরা সেটি দিবো।
ত্রাণমন্ত্রী বলেন, বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গ্যাস লিকেজ ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের কারণে দেশে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাই এই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি নিয়মিত মনিটরিং ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি সিলিন্ডারের নিরাপত্তা পরীক্ষা, মেয়াদোত্তীর্ণ ও অব্যবহৃত সিলিন্ডারের রক্ষণাবেক্ষণ, এবং গ্যাস সরবরাহের মানদণ্ড কঠোরভাবে মানা হবে।
এর আগে, সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম হালিশহর থানার ওয়াপদা মোড়ে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন দগ্ধ হন। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের। যাদের দুজনই শতভাগ দগ্ধ ছিলেন।




