জনগণের চাহিদা অনুযায়ী গড়ে তোলা হবে সশস্ত্র বাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক: বিগত ১৭ বছরে বিভিন্ন বাহিনীর ক্ষতিগ্রস্ত হওয়া কাঠামো সংস্কার করে দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সশস্ত্র বাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

মন্ত্রণালয়ে পৌঁছালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন। পরে সচিব তাকে মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড, বর্তমান অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, সরকার এমন একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করছে যা হবে জনমুখী এবং সাধারণ মানুষের সঙ্গে সংশ্লিষ্ট। তিনি বলেন, ‘বাহিনীর হারানো গৌরব ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে বাহিনী প্রধানদের সেই নির্দেশনা দিয়েছেন। সবাই সম্মিলিতভাবে কাজ শুরু করেছে এবং এর ইতিবাচক পরিবর্তন শিগগিরই দৃশ্যমান হবে।’

প্রতিরক্ষা উপদেষ্টা আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে একটি শক্তিশালী ও অতন্দ্র প্রহরী বাহিনী গড়ে তোলা হবে, যা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। অতীতেও এই বাহিনী দেশের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও যেন সেই ধারা বজায় থাকে, সেই লক্ষ্যেই সংস্কার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

Related Articles

Back to top button