গলাচিপায় নিখোঁজের চারদিন পর যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেতুলিয়া নদী থেকে নিখোঁজের চারদিন পর হাসান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার চরকাজল গ্যাস ফিল্ড সংলগ্ন নদীতে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত হাসান গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, খবর পেয়ে চরশিবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সনাক্তের জন্য পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরবর্তীতে মরদেহ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বিয়ের উদ্দেশ্যে গত মঙ্গলবার তিনি চরকাজল এলাকায় যান। সেদিন মেয়ের বাড়িতে খাওয়া-দাওয়া শেষে বিকেলে নিজ বাড়ি ডাকুয়া গ্রামে ফেরার জন্য চরকাজল লঞ্চঘাটে খেয়া নৌকার অপেক্ষায় ছিলেন। এ সময় লঞ্চঘাটের পন্টুনে বালতি দিয়ে পানি তুলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান।
ঘটনার পর তাকে উদ্ধারে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। নিখোঁজের চারদিন পর শনিবার বিকেলে নদীতে তার মরদেহ ভেসে ওঠে।
চরশিবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




