যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনাসদস্য নিহত, আহত ৩

অনলাইন ডেস্ক: যশোরের চৌগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা-যশোর সড়কের আফরা মোড় এলাকায় জামেনুর হাফিজিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির রিপন (৪৫) চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ছুটি নিয়ে তিনি নিজের মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষে তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্য মোটরসাইকেলে থাকা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) গুরুতর আহত হন। তারা সবাই চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে যশোর সদর হাসপাতালে পাঠান।
চৌগাছা থানার ওসি রেজাউল করিম হুমায়ুন কবির রিপনের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ক্যান্টনমেন্টের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যান।




