বেতন-ভাতা নেব না, সরকারি গাড়িও ব্যবহার করব না: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াছিন জানিয়েছেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি সরকারি বেতন-ভাতা গ্রহণ করবেন না এবং সরকারি গাড়িও ব্যবহার করবেন না।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘একটি বিষয় স্পষ্ট করতে চাই মন্ত্রী হওয়ার পর থেকে আমি নিজের গাড়ি এবং নিজের টাকায় কেনা তেল ব্যবহার করছি। সরকারি গাড়ি ব্যবহার করি না, তেলের খরচও নেই না। যত দিন মন্ত্রী থাকব, তত দিন সরকারি গাড়ি ব্যবহার করব না। এ ছাড়া আমি সরকারি বেতন-ভাতা নেব না।’
তিনি বলেন, কুমিল্লায় প্রথম রপ্তানিমুখী কারখানা আমিই স্থাপন করেছিলাম এবং সেখান থেকেই জেলায় শিল্পায়নের প্রসার ঘটেছে। ভবিষ্যতেও এই অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
কৃষির উন্নয়নে ড. আখতার হামিদ খানের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে আধুনিক কৃষির সূচনা হয়েছিল তার হাত ধরেই এবং তার উদ্ভাবিত ‘কুমিল্লা মডেল’ এখনও দেশে-বিদেশে প্রশংসিত। আমিও একজন কৃষক। আমি জানি কিভাবে ধান ফলাতে হয়। কুমিল্লাসহ সারা দেশের কৃষি উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
তিনি আরও জানান, কুমিল্লার কৃষকদের ফসল সংরক্ষণের সুবিধা বাড়াতে হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জেলার ঐতিহ্য ধরে রাখতে কাজ করার কথাও বলেন তিনি।




