ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা–ছেলের মৃত্যু

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খানবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—এলাকার সাবেক সেনাসদস্য শাহাদাত হোসেন খাঁনের স্ত্রী রিনা বেগম (৫৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তুলে পাশের নতুন জায়গায় ফেলা বালুতে পানি দেওয়ার জন্য একটি বৈদ্যুতিক পাম্প বসানো হয়। মূল লাইন থেকে পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় প্রথমে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পাশে থাকা তাঁর মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে পাম্প মেশিনটিও পুড়ে যায়। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
রিনা বেগমের চার সন্তান রয়েছে। নিহত রাসেল খানের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি চাঁদপুর সদর উপজেলার একটি দোকানে চাকরি করতেন।
নিহতদের স্বজন তানজিনা নাহার জানান, রিনা বেগমের বাবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায়। তিন মাস আগে তার ভাই মো. সাঈদ মিয়াজী মারা যান। এর এক বছর আগে অপর দুই ভাই নান্নু মিয়াজী ও সাঈদ মিয়াজীর স্ত্রী মারা যান।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




