ভোলায় নিজ বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক: ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ভুট্টো একই গ্রামের বাসিন্দা এবং মো. আক্তারুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বাড়ির সামনে রাস্তায় একা অবস্থান করছিলেন ভুট্টো। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।




