নেত্রকোনায় ১১০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে বডি ওর্ন ক্যামেরা

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নেত্রকোনায় ১১০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা পুলিশ লাইনস মাঠে নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্যারেড শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ১১০টি কেন্দ্রে মোট ১১০টি অনলাইন এবং ২৬৬টি অফলাইন বডি ওর্ন ক্যামেরা স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা পূরণে সরকার ও পুলিশ বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাই নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন। ভোটকেন্দ্র বা কেন্দ্রগামী পথে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে মোট ৬৭৬টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলায় ১ হাজার ৮৯০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও মাঠে থাকবেন।

ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Related Articles

Back to top button