নিখোঁজের ৩ দিন পর কলেজছাত্রীর মরদেহ ভেসে উঠলো পুকুরে

অনলাইন ডেস্ক: পঞ্চগড়ের বোদায় নিখোঁজের তিন দিন পর ধত্রি রানী (২০) নামে এক কলেজছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তার বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে পুলিশ।

ধত্রি রানী উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজী সাকোয়া গ্রামের ক্ষিতীশ চন্দ্রের মেয়ে। তিনি সাকোয়া ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ধত্রি রানী বাড়ি থেকে বোদায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। বাড়ি হতে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পায়নি। পরে গত বুধবার বোদা থানায় একটি হারোনো জিডি করেন তার বাবা। সর্বশেষ শুক্রবার বাড়ি থেকে কিছু দূরে একটি পুকুরে ধত্রি রানীকে ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বোদা থানার ওসি মো. সেলিম মালিক বলেন, ধত্রি রানী মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার তার বোদা থানায় একটি জিডি করেন। শুক্রবার তার মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগপত্র দাখিল করা হয়নি। পরিবারের অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Related Articles

Back to top button