‘মোস্তাফিজ ইস্যু ভালোভাবে সামলাতে পারলে এত বিশৃঙ্খলা হতো না’

অনলাইন ডেস্ক: ঘটনার শুরু বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই টাইগার পেসারকে। এর জেরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। 

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এত ঘটনার মূলে মোস্তাফিজের বাদ পড়া। আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন্স সামি-উল-হাসান বার্নি মনে করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজের বাদ পড়ার ঘটনা ভালোভাবে নিয়ন্ত্রণ করলে এত বিশৃঙ্খলা হতো না।

বার্তা সংস্থা পিটিআই-কে সামি-উল-হাসান বলেন, ‘ক্রিকেট প্রশাসকরা যদি আরও সতর্ক হতেন এবং কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে একজন বাংলাদেশি খেলোয়াড়কে বাদ দিতে হবে— এমন প্রকাশ্য বিবৃতি না দিতেন, তবে এই পরিস্থিতি সহজেই এড়ানো যেত। তাদের এটি জনসমক্ষে ঘোষণা করার প্রয়োজন ছিল না। ’ 

তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিকে ব্যক্তিগতভাবে জানানো যেত, খেলোয়াড়কে ছেড়ে দেওয়া যেত এবং বিষয়টি এতদূর গড়াত না।’ বিসিসিআইকে দায়ী করে আইসিসির সাবেক এই কর্মকর্তা আরও বলেন, ‘কখনো কখনো বিচার-বুদ্ধির ভুল এমন পরিস্থিতির দিকে নিয়ে যায় যার প্রভাব অনেক বিস্তৃত হয়। ৩ জানুয়ারির ঘোষণাটি এই পরিস্থিতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।’

ভারতের সঙ্গে বাংলাদেশের বিরোধের সমাধান পাকিস্তানের বিষয় কি না এমন প্রশ্নে বার্নি বলেন, ‘আমরা একমত হতে পারি বা না-ও পারি, কিন্তু যখন একটি সরকার কোনো সিদ্ধান্ত নেয়, তখন তারা তাৎক্ষণিকভাবে দৃশ্যমান বিষয়ের বাইরের অনেক বিষয় বিবেচনা করে।’

আইসিসি ইঙ্গিত দিয়েছে যে পিসিবি কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছে। এর মধ্যে আর্থিক নিষেধাজ্ঞা ও রাজস্ব হারানোর মতো পরিণতি ভোগ করতে হতে পারে। বার্নি অবশ্য বললেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তান পরিণতি সম্পর্কে জ্ঞাত হয়েছে। তার কথা, ‘এগুলো সহজ সিদ্ধান্ত নয়। অবশ্যই আইনি এবং বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হয়েছে।’ ভারতের বিরুদ্ধে পাকিস্তান ম্যাচ বর্জন হলে সব দিক বিবেচনায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। তিনি বলেন, ‘পাকিস্তানের বার্ষিক আয় প্রায় ৩৫.৫ মিলিয়ন মার্কিন ডলার, তাই এই (ক্ষতির) পার্থক্যটি অনেক বিশাল।’

Related Articles

Back to top button