আসন ছাড়লো খেলাফত মজলিস, নারায়ণগঞ্জ–৩ আসনে প্রার্থী পরিবর্তন

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসকে দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়াকেই জোটের চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁ বটতলা বাজারে গণসংযোগের সময় ড. ইকবাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ড. ইকবাল হোসেন বলেন, জোটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় শুরুতে আসনটি বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। পরে মাঠপর্যায়ের বাস্তবতা ও ভোটের হিসাব বিশ্লেষণ করে জোটের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটি এবং জেলা ও মহানগরের নেতারা প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

তিনি জানান, আল্লামা মামুনুল হক নিজেও এলাকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রার্থী পরিবর্তনের অনুরোধ করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ জানুয়ারি তাকে পুনরায় ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়।

মাঝপথে প্রার্থী বদলের কারণে ভোটারদের মধ্যে যে সাময়িক বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে এখন জোটের সব শরিক একসঙ্গে মাঠে কাজ করছে বলে জানান তিনি।

ড. ইকবাল হোসেন বলেন, এনসিপি নেতা তুহিন মাহমুদ, দেয়ালঘড়ি প্রতীকের মুফতি সিরাজুল ইসলাম এবং ঈগল প্রতীকের প্রার্থী আরিফুল ইসলামসহ জোটের অন্য শরিকরা এখন একযোগে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষ চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও টেন্ডারবাজদের রাজনীতি থেকে মুক্তি চায়। তাঁর ভাষ্য অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ভোটাররা বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করে এই সংস্কৃতির অবসান ঘটাবে।

প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকে জোটের নেতাকর্মীরা পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। গণসংযোগে জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির নেতা অনিক খান সিয়াম, সাব্বির আল রাজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button