ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নিজ এলাকায় দায়িত্ব পালন করবেন না আনসাররা
অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যরা নিজ এলাকায় দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীকসংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে ইসি, ইতিমধ্যে ২১ জেলায় ব্যালট পৌঁছেছে। এছাড়া গতকাল সোমবার পর্যন্ত ৫ লাখের বেশি প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে জানা গেছে।
আনসার সদস্যদের নিজ এলাকার বাইরে দায়িত্ব পালন সংক্রান্ত প্রজ্ঞাপন ও নির্দেশনা ইসি থেকে সংশ্লিষ্ট দপ্তরের মহাপরিচালক (ডিজি) বরাবর পাঠানো হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম। একই সঙ্গে, আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনি দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিশ্চিতকরণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের স্ব-স্ব ইউনিয়নে পদায়ন না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
২১ জেলায় ব্যালট পাঠাল ইসি: আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সংবলিত ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শুরু করেছে ইসি। গত রবিবার ও গতকাল সোমবার দুইদিনে দেশের ২১ জেলায় ব্যালট পাঠাল ইসি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ লাখ ২৪ হাজার ১৬৬ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত দেশে এসে পৌঁছেছে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি ব্যালট। গতকাল সোমবার ওসিভি এবং আইসিপিভি প্রকল্পের টিম লিডার ড. সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবাসীদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি ব্যালট এখনো সংশ্লিষ্ট দেশের পোস্ট বক্সে রয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ৮৫৯টি ব্যালট রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে। প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, তাদের তথ্যও জানিয়েছে ইসি। সোমবার পর্যন্ত দেশের ভেতরে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার তাদের ভোট দিয়েছেন। ভোটাররা ডাকবক্সে জমা দিয়েছেন ২৯ হাজার ৩৩৪টি ব্যালট।




