১১ দিনের নির্বাচনী পদযাত্রা ঘোষণা এনসিপির, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি

অনলাইন ডেস্ক: জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এই প্রেক্ষাপটে সারাদেশে নির্বাচনী পদযাত্রা কর্মসূচি ঘোষণার মাধ্যমে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৫ জানুয়ারি থেকে ১১ দিনের এই পদযাত্রা শুরু করবে দলটি।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন সঠিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। এতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় তৈরি হচ্ছে। তিনি কমিশনকে দলীয়করণ থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকেই একটি রাজনৈতিক দল এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন করছেন। গভীর রাতে মাইকের শব্দে প্রচারণা চালানোসহ পোস্টার ও মাইক ব্যবহারে বিধিনিষেধ অমান্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হলে কেন্দ্রগুলোতে সেনাবাহিনীকে নিজস্ব ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে এবং সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।” একই সঙ্গে প্রশাসন ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সংবাদমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়ায় আবারও দলীয়করণের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। অতীতে সংবাদমাধ্যমে দলীয়করণের যে নেতিবাচক প্রভাব পড়েছিল, ভবিষ্যতেও তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় সব রাজনৈতিক দলকে সমানভাবে কাভারেজ দেওয়ার জন্য মিডিয়া হাউসগুলোর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আসন্ন জাতীয় নির্বাচনে ২৭০টি আসনে এনসিপির গণভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে।

Related Articles

Back to top button