সাত কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

অনলাইন ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয় সাত সরকারি কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে। সব প্রক্রিয়া শেষে গতকাল রোববার (১৮ জানুয়ারি) খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, দ্রুততম সময়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন মিলবে।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। আইনি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তাও চলছে।
নতুন খসড়া অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও কলেজগুলো বর্তমান স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সংযুক্ত’ হিসেবে কার্যক্রম চালাবে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মতো হলেও হুবহু অধিভুক্ত নয়।
এই সাত কলেজের মধ্যে রয়েছে: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং তিতুমীর কলেজ। ২০১৭ সালে কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যা পরে পুনঃবিবেচনার কারণে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, খসড়া তৈরি করার সময় শিক্ষার্থী ও শিক্ষকদের যৌক্তিক প্রত্যাশা এবং উদ্বেগগুলো বিবেচনায় রাখা হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার কাঠামো নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সবাইকে অবান্তর বা সংঘাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যাতে দীর্ঘদিনের ধৈর্য ও শ্রমের এই অর্জন ক্ষতিগ্রস্ত না হয়। মন্ত্রণালয় আশা করছে, চূড়ান্ত অনুমোদনের পর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।




