‘টুম্ব রাইডার’ সিরিজ: লারা ক্রফট রূপে সোফি টার্নার

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও গেম চরিত্র লারা ক্রফট আবারও ফিরছেন নতুন রূপে। প্রাইম ভিডিও নির্মিত লাইভ-অ্যাকশন ‘টুম্ব রাইডার’ সিরিজের প্রথম ঝলক প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে ভক্তদের নতুন উন্মাদনা। কিংবদন্তি এই অভিযাত্রীর চরিত্রে এবার দেখা যাবে অভিনেত্রী সোফি টার্নারকে।

প্রাইম ভিডিও সূত্রে জানা যায়, ২০২৪ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে সিরিজটির অনুমোদন দেওয়া হয়। একই বছরের নভেম্বর মাসে ঘোষণা আসে, লারা ক্রফট চরিত্রে সোফি টার্নারকে দেখা যাবে। নতুন এই রিবুটে লারা ক্রফটকে আরও আধুনিক ও গভীর চরিত্রায়ণে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

এর আগে বড় পর্দায় লারা ক্রফট চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং অ্যালিসিয়া ভিকান্দর। সেই ধারাবাহিকতায় এবার টেলিভিশন সিরিজের মাধ্যমে চরিত্রটিকে নতুনভাবে তুলে ধরতে চলেছেন সোফি টার্নার।

সিরিজটির অভিনয়শিল্পীদের তালিকাও বেশ শক্তিশালী। সোফি টার্নারের সঙ্গে এতে অভিনয় করছেন সিগুর্নি ওয়েবার, জেসন আইজ্যাকস, মার্টিন বব-সেম্পল, জ্যাক ব্যানন, জন হেফারনান, বিল প্যাটারসন, প্যাটারসন জোসেফ, সাশা লুস, জুলিয়েট মোতামেদ, সেলিয়া ইম্রি ও অগাস্ট উইটগেনস্টাইন।

এই সিরিজের স্রষ্টা, চিত্রনাট্যকার ও নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিবি ওয়ালার-ব্রিজ। তাঁর সঙ্গে সহ-শোরানার ও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন চ্যাড হজ। সিরিজটির পরিচালনায় রয়েছেন জোনাথন ভ্যান টুলেকেন, যিনি একই সঙ্গে নির্বাহী প্রযোজকের ভূমিকাও পালন করছেন।

উল্লেখ্য, প্রথম ‘টুম্ব রাইডার’ ভিডিও গেম মুক্তি পায় ১৯৯৬ সালে। অল্প সময়ের মধ্যেই লারা ক্রফট বিশ্বজুড়ে জনপ্রিয় নারী অ্যাকশন আইকনে পরিণত হন। সর্বশেষ গেম ‘শ্যাডো অব দ্য টুম্ব রাইডার’ প্রকাশিত হয় ২০১৮ সালে। এ ছাড়া আগের বেশ কয়েকটি জনপ্রিয় সংস্করণ নতুন করে রিমাস্টার করা হয়েছে।

নতুন এই সিরিজটি প্রযোজনা করছে স্টোরি কিচেন, ক্রিস্টাল ডায়নামিকস ও অ্যামাজন এমজিএম স্টুডিওস। পুরো প্রকল্পটি ক্রিস্টাল ডায়নামিকস ও অ্যামাজন এমজিএম স্টুডিওসের যৌথ চুক্তির আওতায় নির্মিত হচ্ছে, যার লক্ষ্য টুম্ব রাইডার জগৎকে ভবিষ্যতে আরও সিরিজ ও সিনেমার মাধ্যমে সম্প্রসারিত করা।

সব মিলিয়ে, সোফি টার্নারের লারা ক্রফট হয়ে ওঠা এবং প্রাইম ভিডিওর এই নতুন রিবুট সিরিজ ঘিরে দর্শক ও গেমপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও রোমাঞ্চ।

ডেকেন হেরাল্ড অবলম্বনে

Related Articles

Back to top button