কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ কাউকে দেবে না বিএনপি: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে। আমরা তাদের সেই সুযোগ দেব না- এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কোনোরকমের সুযোগ আমরা দেব না। কোনো রকমের ষড়যন্ত্র করবেন না। আপনাদের হুঁশিয়ার করে দিতে চাই।
তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের পথে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য সফল হবে না; দেশে গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে।
তারেক রহমানের উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির জন্য আমরা কর্মসূচি স্থগিত করেছি। নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল মনে করেছে এটা আমাদের দুর্বলতা। নাহ্. . এটা আমাদের ভদ্রতা। তারপর থেকে নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং পারতপক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় বিভিন্ন কৌশলে।’
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং আতিকুর রহমান রুমন প্রমুখ বক্তব্য প্রদান করেন।




