প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী

অনলাইন ডেস্ক: নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া তাহমিনা জামান শ্রাবণী তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তিনি ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী।
গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন তাহমিনা জামান শ্রাবণী। তার পক্ষে আবেদনপত্র হস্তান্তর করেন প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।
এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন তাহমিনা জামান শ্রাবণী।
নেত্রকোণা-৪ আসনে অন্য প্রার্থীদের মধ্যে আছেন- বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।




