শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ

খুবি অধ্যাপককে দুই বছর ক্লাস–পরীক্ষা থেকে বিরত রাখার নির্দেশ

অনলাইন ডেস্ক: নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনছারকে দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান এক চিঠিতে এ তথ্য জানান।

খুবি সূত্র জানায়, গত বছরের আগস্ট মাসে অধ্যাপক রুবেল আনছারের বিরুদ্ধে অশালীন আচরণ, যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন এক নারী শিক্ষার্থী। কিছুদিন পর অন্য বিভাগের আরেক নারী শিক্ষার্থী একই ধরনের আরেকটি অভিযোগ করেন। অভিযোগ দুটি তদন্তের জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। গত ২৬ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের তদন্ত কমিটি দুটি প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন দুটি গত ২৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেট সভায় গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান জানান, সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে একটি অভিযোগ থেকে অধ্যাপক রুবেল আনছারকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্য অভিযোগে আগামী দুই বছর বাংলা ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষার কাজসহ সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার তাঁকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

রেজিস্ট্রার আরও বলেন, ক্লাস–পরীক্ষা থেকে বিরত থাকলেও এ সময় অধ্যাপক ড. রুবেল আনছার বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

তবে বিষয়টি নিয়ে অধ্যাপক ড. রুবেল আনছার বলেন, বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়েছি। পরে এ বিষয়ে কথা বলব।

Related Articles

Back to top button