নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক: নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় একটি অটো রাইস মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জেলার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশাকান্দা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফুর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ছোটবাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)। তারা চল্লিশা এলাকার জীবন কুমার সাহার মালিকানাধীন একটি অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ, শ্রমিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই অটো রাইস মিলে প্রায় ১৫ জন শ্রমিক কাজ করতেন। শনিবার মিল বন্ধ থাকায় বিকেলে কয়েকজন শ্রমিক পাশের রেললাইনের দিকে ঘুরতে যান। এ সময় অসুস্থ বোধ করায় রাসেল ও আকাশ মিলে ফিরে যাচ্ছিলেন।

সন্ধ্যার দিকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনই গুরুতর আহত হন। ট্রেনটি চলে যাওয়ার পর অন্য শ্রমিকরা রেললাইনের পাশে পড়ে থাকা জুতা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত পাওয়া যায়।

Related Articles

Back to top button