নীলফামারীতে জামাতার গাড়িচাপায় প্রাণ গেল শ্বশুরের

অনলাইন ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে জামাতার গাড়িচাপায় শ্বশুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শ্বশুর হলেন এনতাজুল ইসলাম (৬০)। তিনি দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়া গ্রামের আজগার আলীর ছেলে।

অভিযুক্ত জামাতার নাম স্বামী আবু তাহের (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী আবু তাহেরের সঙ্গে অভিমান করে তার দ্বিতীয় স্ত্রী রেজেকা (২২) বাবার বাড়ি (ঘোপাপাড়া গ্রামে) চলে আসেন। শুক্রবার জুমার নামাজের সময় তাহের তার প্রথম স্ত্রী মিস্টিকে (২৫) নিয়ে রেজেকাকে নিতে আসেন। এসময় আবু তাহেরের সঙ্গে তার শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে তাহের রেজেকাকে নিয়ে প্রাইভেট কারে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে পথরোধ করে শ্বশুর এনতাজুল ও তার মেজো মেয়ে নারগিস বেগম (২৪)।ঐ সময় গাড়ির সামনে শ্বশুর এনতাজুল দাঁড়ালে জামাতা শ্বশুরকে গাড়ির চাপা দেন। ঘটনাস্থলেই শ্বশুর এনতাজুলের মৃত্যু হয়। এ সময় জামাতা আবু তাহেরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button