বন্যহাতির আক্রমণে বন বিট কর্মকর্তা আহত

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের অধীন নাপোড়া এলাকার জঙ্গল নাপোড়ায় টহলরত অবস্থায় বন্যহাতির হামলায় নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস (৫৬) আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নেপালের ঘোনা হাতির ডেরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
আহত অঞ্জন কান্তি বিশ্বাস রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শশাঙ্ক বিমল বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি নাপোড়া বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, অঞ্জন কান্তি বিশ্বাস নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বন্যহাতির সামনে পড়ে যান। হাতিটি শুঁড় দিয়ে আঘাত করলে তিনি ঘাড়, পেট ও কোমরে গুরুতর আঘাত পান। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. রাজিব বিশ্বাস বলেন, হাতির আক্রমণে আহত এক বন বিট কর্মকর্তাকে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




