ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক: ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে ঘাট কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব দ্রুত বাড়তে থাকায় নদী অববাহিকায় দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ায় নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দেওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ।

এসময় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উভয় ঘাটে পার হতে আসা যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে যায়। একে করে গাড়ীর চালকসহ যাত্রীরা প্রচণ্ড শীতের রাতে চরম দুর্ভোগে পড়েছেন। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হতে শুরু করেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা নামার আগেই কুয়াশা পড়তে শুরু করে। সন্ধ্যার পর থেকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায় এবং সোয়া ৭টার দিকে নদীতে দৃশ্যমানতা বিপজ্জনক মাত্রায় নেমে আসলে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দেন কর্তৃপক্ষ।

তিনি আরও জানান, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা সোয়া ৭টা থেকে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Related Articles

Back to top button