গণতন্ত্র মানে জনগণের ক্ষমতা বাড়ানো, সরকারের ক্ষমতা কমানো: আমীর খসরু

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রকৃত গণতন্ত্র হলো জনগণের ক্ষমতা বাড়ানো এবং সরকারের ক্ষমতা কমানো। বিএনপি সরকারে আসলে ব্যবসায়িক পরিবেশে বাধাগ্রস্ত সব আমলাতান্ত্রিক জটিলতা ও ‘ব্রোকারিজ’ প্রথা তুলে ফেলা হবে এবং নিয়ন্ত্রণমুক্ত, প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলা হবে।’

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরামের আয়োজিত ‘বাণিজ্য সংলাপ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, ‘সরকারি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ যত কম হবে, দুর্নীতি তত কম হবে। কাস্টমস প্রক্রিয়ায় আমদানিকৃত পণ্য ছাড়ের জন্য অফিসারের মর্জির ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বয়ংক্রিয় সফটওয়্যার বা এআই প্রযুক্তির মাধ্যমে সব পরীক্ষা সম্পন্ন করা হবে। পাশাপাশি ঘরে বসেই সব সার্টিফিকেট ও অনুমোদন নেওয়া সম্ভব হবে।’

গ্রামীণ অর্থনীতি নিয়ে তিনি বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। অ্যামাজন ও আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রির জন্য ডিজাইনার সাপোর্ট ও ঋণের ব্যবস্থা করা হবে, যা কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং শহরমুখী মানুষের ঢল কমাবে।’

রেমিট্যান্স প্রসঙ্গে তিনি জানান, ‘বর্তমানে এটি প্রায় ২৫ বিলিয়ন ডলার। সঠিক নীতি এবং যুব সমাজকে আইটি খাতে দক্ষ করলে এই আয় ৫০ থেকে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।’

পুঁজিবাজার ও ট্রিলিয়ন ডলার অর্থনীতি নিয়ে তিনি বলেন, ‘দেশের ক্যাপিটাল মার্কেট ধ্বংসপ্রায়। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পেশাদারিত্ব ও সংস্কারের প্রয়োজন। বাংলাদেশ ব্যাংক, এসইসি ও বিটিআরসির মতো প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে এবং সবাইকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’

বক্তব্য শেষে তিনি ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দেশের অর্থনীতি পুনর্গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন পেছানো হবে না, তবে কিছু গোষ্ঠী যারা নির্বাচন চায় না তাদের নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়ে গেছে।’

সংলাপের সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহ্মদ। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নেতা সরওয়ার জামান নিজাম, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক শওকত আলী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button