২০২৬ সালেও বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকার পূর্বাভাস

অনলাইন ডেস্ক: এক বছর ধরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছেই। চলতি বছর স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়িয়ে গিয়ে নতুন রেকর্ড গড়েছে। বিভিন্ন পূর্বাভাসে জানা গেছে, ২০২৬ সালেও সেই ধারা বজায় থাকবে।

সর্বশেষ গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৬ সালের শেষ ভাগে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৯০০ ডলারে উঠে যেতে পারে। গত দুই মাসে বিভিন্ন বৈশ্বিক সংস্থা স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস দিয়েছে। এসব পূর্বাভাসে দেখা যাচ্ছে, আগামী বছর স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৫০০ ডলার থেকে ৪ হাজার ৯০০ ডলারের মধ্যে সীমাবদ্ধ থাকবে।

গোল্ডম্যান স্যাকস-এর বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে স্বর্ণের যে পরিমাণ বিনিয়োগ হওয়ার কথা, সে পরিমাণ হচ্ছে না। সে কারণে বিনিয়োগকারীরা স্বর্ণে আরো বিনিয়োগের আহ্বান জানাচ্ছে। ফেডারেল রিজার্ভ এখন নীতি সুদ কমাচ্ছে। ডিসেম্বর মাসেও নীতি সুদহার কমানো হয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, ২০২৬ সালে আরো ৭৫ ভিত্তি পয়েন্ট হারে নীতি সুদহার কমানো হতে পারে। ফলে নিরাপদ বিনিয়োগের স্থান হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়তে পারে। তাছাড়া ভূরাজনীতিতে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, তাতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগের মাধ্যম খুঁজছেন। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তাতে বিনিয়োগকারীরা ডলারভিত্তিক বন্ডের চেয়ে স্বর্ণে বিনিয়োগ করা নিরাপদ মনে করছেন।

Related Articles

Back to top button