তারেক রহমান যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন: রিজভী

অনলাইন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তারেক রহমান দূরে থেকেও দেশের মানুষের কাছে রয়েছেন। তিনি যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন। তিনি যখন মনে করবেন, তখনই দেশে আসবেন, এতে কোনো বাধা হবে না।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূলে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি দেশ ও দেশের জনগণকে ভালোবাসেন বলেই যথাসময়ে দেশে ফিরে নেতৃত্ব দেবেন।
নির্বাচনী তফসিল বিলম্বিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ‘যদি নির্বাচনের তফসিল বিলম্বিত হয়, তাহলে দেশের গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে যাবে।’
তিনি অভিযোগ করেন, ‘এত গুম-খুন বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেটি প্রলম্বিত হলে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হবে।’
বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাসী বলে উল্লেখ করে রিজভী বলেন, অতীতেও দল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, প্রত্যেকটি বাস্তবায়িত হবে। আধুনিক প্রযুক্তির উন্নয়ন কাজে লাগিয়ে তিনি প্রতিটি অঙ্গীকার বাস্তবে রূপ দেবেন। তার প্রতিশ্রুতিতে চুল পরিমাণ বিচ্যুতি হবে না।
তিনি বলেন, অতীতে স্বামী মারা গেলে স্ত্রী ১৫ বছর পেনশন পেতেন। কিন্তু ১৯৯০ সালে বিএনপির ইশতেহারে ঘোষণা দেওয়া হয়- স্বামী মারা গেলে স্ত্রী যতদিন জীবিত থাকবেন ততদিন পেনশনের টাকা পাবেন। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিলেন।




