অতি অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক: সরকার অতি অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব।
গতকাল সোমবার (১১ মে) দুপুরে লালমনিরহাট জেলা স্টেডিয়াম মাঠে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘চীন তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়ন করবে, কারিগরি সহায়তা দেবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিগগিরই চীন সফর করবেন। আমি অত্যন্ত আশাবাদী, জনগণ কর্তৃক নির্বাচিত সরকার অতি অল্প সময়ে এই কাজ শুরু করবে, ইনশা আল্লাহ।’
তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, সরকার গঠন করা হলে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের মহাপরিকল্পনা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রাণ-আরএফএল কোম্পানির বিভিন্ন কর্মকর্তারা।




