পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাহির থেকে প্রশ্ন ও উত্তরপত্রসহ আটক ২

অনলাইন ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দাখিল (এসএসসি সমমান) পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাহির থেকে পরীক্ষার প্রশ্ন, উত্তরপত্র ও অতিরিক্ত উত্তরপত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলার কামদিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের পাশে বাজারের একটি ধানের আড়ত থেকে তাদেরকে আটক করা হয়। এসময় দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার পদার্থ বিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষা চলছিল।
আটকরা হলেন, উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিশমুড়ি গ্রামের ফারুক হোসেনের ছেলে জুলফিকার হোসেন (২৫) ও কামদিয়া আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী মোশারফ হোসেন (৩২)।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দাখিল পরীক্ষা চলাকালে উপজেলার কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলী মাদ্রাসা কেন্দ্রের অদূরে কামদিয়া বাজার এলাকার একটি ধানের গুদামে অভিযান চালানো হয়। এ সময় ওই গুদাম থেকে পরীক্ষার প্রশ্ন, ২৮টি উত্তরপত্র, ৮টি অতিরিক্ত উত্তরপত্র এবং ৩০টি বহুনির্বাচনী পরীক্ষা উত্তরপত্রসহ তাদেরকে আটক করা হয়।
কামদিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব শাহজাহান আলী জানান, বহিরাগত ৩ যুবক ওই ধানের আড়তে পদার্থ বিজ্ঞান ও ইসলামের ইতিহাস বিষয়ে পরীক্ষার উত্তরপত্রে লেখার সময় নির্বাহী কর্মকর্তা পুলিশসহ অভিযান পরিচালনা করেন দুইজনকে আটক করেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের উপস্থিতি টের পেয়ে দুই যুবক পালিয়ে যায়। দাখিল পরীক্ষার উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র এবং বহুনির্বাচনী পরীক্ষা উত্তরপত্রসহ জুলফিকার হোসেনকে আটক করা হয়। এসময় ওই এলাকা থেকে ওই মাদ্রাসার ৪র্থ শ্রেণির কর্মচারী মোশারফ হোসেনকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তারা কোন পরীক্ষার্থীর বদলে বাইরে এই বদলি পরীক্ষা দিচ্ছিলো। তদন্ত সাপেক্ষে তা বের হয়ে আসবে।




