নির্বাচিত হলে হামিদুর রহমান আযাদকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক: মহেশখালী-কুতুবদিয়া থেকে শুধু একজন এমপি পাবে না। ইনশাআল্লাহ একজন মন্ত্রী পাবেন। এখন আপনারা ১২ ফেব্রুয়ারি এমপি বাছাই করবেন নাকি, মন্ত্রী বাছাই করবেন সিদ্ধান্ত আপনাদের- এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কক্সবাজারের মহেশখালী উপজেলার নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় আছে আপনাদের প্রিয় মানুষ। এখান থেকে যিনি নেতৃত্ব দেবেন, মহান আল্লাহর ওপর ভরসা করে বলে যাই, আমার দিল বলে ১২ ফেব্রুয়ারির পরই ১৩ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ ইনসাফের দিকে বাংলাদেশ পা বাড়াবে।’

ভোট চুরি রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন,  ‘এখন থেকেই পাহারাদার হতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

জনসভায় কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আযাদের হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা ডানপন্থী মানুষ। শক্ত করে ধরেন, উঁচু করে ধরেন-জাতির দায়িত্ব নিতে হবে।’

এ সময় জামায়াত আমির উপস্থিত নেতাকর্মীদের নিয়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন- ‘ইনশাআল্লাহ-দাড়িপাল্লা’, ‘মাশাল্লাহ-দাড়িপাল্লা’, ‘১২ ফেব্রুয়ারি-দাড়িপাল্লা’, ‘সকাল-সন্ধ্যা দাড়িপাল্লা, বিজয় মালা-দাড়িপাল্লা।’

ভোটের দিন জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে ঘরে ফিরবেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ঘরে ফিরে ওজু করে দুই রাকাত নামাজ পড়ে, চোখের পানিতে চারটি সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন- তারপর ঘুমাবেন।’

Related Articles

Back to top button